বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজের দুটি সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। প্রায় ১২ কোটি রুপিতে বিক্রি হওয়া এই ফ্ল্যাট দুটি ‘ওবেরয় এক্সকুইজিট’ ভবনের ৪৭ তলায় অবস্থিত।

সম্পত্তি বিষয়ক সংস্থা সিআরই মেট্রিক্সের তথ্য অনুযায়ী, ২০১২ সালে অমিতাভ এই দুটি ফ্ল্যাট কিনেছিলেন ৮.১২ কোটি রুপিতে। ১৩ বছর পর বিক্রয়ের মাধ্যমে তিনি প্রায় ৪৭ শতাংশ লাভ করেছেন।

জানা গেছে, প্রথম ফ্ল্যাটটির আয়তন ১,৮২০ বর্গফুট এবং এটি ৬ কোটি রুপিতে আশা ঈশ্বর শুক্লা নামের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। লেনদেনের সময় ৩০ লক্ষ রুপি স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা হয়। ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয় গত ৩১ অক্টোবর ২০২৫।

এর আগে কিছুদিন আগেই অমিতাভের বাড়িতে হুমকি ফোন আসার খবর নিয়ে আলোচনায় ছিলেন তিনি। সেই ঘটনায় বাড়ির নিরাপত্তা জোরদার করেছিলেন এই অভিনেতা।

প্রসঙ্গত, সম্প্রতি ৮৩ বছর পূর্ণ করেছেন অমিতাভ বচ্চন। জন্মদিনে নিজেকেই উপহার দিয়েছেন একটি জমি, যার বাজারমূল্য প্রায় ৬.৫৯ কোটি রুপি।