ইরান দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির ভাষ্য অনুযায়ী, ওই স্থানে ৫০০-র বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন এবং হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল এবং সেসব জায়গাকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন নেতৃত্বের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অঞ্চল যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য ‘কবরস্থানে’ পরিণত হতে পারে।

এর আগে ইরান দাবি করে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী।

তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কোনো দেশকে আগে আক্রমণ করে না, কিন্তু আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।