দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ও সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


রাশেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর কিংবা মন্দিরে হামলার মতো ঘটনা ঘটাতে পারে পরাজিত শক্তি বা সরকারের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী। এ বিষয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। সরকারকেও অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”


তিনি মন্দির কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানিয়ে বলেন, “যদি কোথাও কোনো ষড়যন্ত্র হয়, তাহলে প্রমাণ রাখা এবং তা প্রতিহত করা সহজ হবে।”


রাশেদ খান আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের এই ফাঁদে পা দেওয়া চলবে না। সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”