বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের ১৮ কোটি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত। তিনি সাফ জানিয়ে দেন—দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস হবে না, তাদের রাজনীতির মঞ্চে ফেরার পথও চিরতরে রুদ্ধ করা হবে।
\r\nশনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
\r\nশাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী একটি মজলুম রাজনৈতিক সংগঠন, যা গত ১৮ বছরে ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আমাদের শীর্ষ নেতারা শহীদ হয়েছেন সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে। এ দলের কোনো নেতাকর্মী নেই, যারা জেল-জুলুম বা হয়রানির শিকার হননি।”
\r\nতিনি আরও বলেন, “আমরা মানবতা ও ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই। জামায়াত কখনো হাওয়ার দিকে তাকিয়ে নিজের বক্তব্য পাল্টায়নি। ন্যায়-নীতির ওপর দাঁড়িয়েই আমাদের রাজনীতি।”
\r\nসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।
\r\nঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, জামায়াতের নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল হক আমিন, মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, মাহমুদ উল্লাহ প্রমুখ।





