বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, \"দুর্নীতিবাজ ও জালিমদের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে, ততদিন এই লড়াই চলবে।\"
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, \"আল-কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থের আলোকে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা হবে। দুর্নীতিবাজদের আর এ দেশে থাকতে দেওয়া হবে না।\"
তিনি বলেন, \"আমরা জুলুম, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। পেছনের ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমরা কোনো জালিমকে ভয় করি না।\"
স্মরণসভায় তিনি আরও বলেন, \"আমি সম্প্রতি একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে পড়ে যাই। আপনারা সেদিন যে ভালোবাসা দিয়েছেন, তা ভুলবার নয়। আল্লাহ চাইলে আমাদের এই দৌড়ের জীবন শহীদির মর্যাদা পেতে পারে। সেজন্য দোয়া করবেন।\"
এর আগে দুপুর ১টা ১০ মিনিটে হেলিকপ্টারে ঈশ্বরদী পৌর স্টেডিয়ামে পৌঁছান ডা. শফিকুর রহমান। সেখান থেকে তিনি নিহত জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে স্মরণসভায় যোগ দেন তিনি।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণ করে তিনি বলেন, \"সরকার বলছে ২৭ জন নিহত, কিন্তু আমি বিশ্বাস করি সংখ্যাটা আরও বেশি। আমরা নিহতদের জন্য দোয়া করছি। তারা যেন জান্নাতবাসী হন। আহতদের চিকিৎসা ও পরিবারগুলোর পাশে জামায়াত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে—যতটুকু দরকার, অর্থ হোক বা রক্ত—আমাদের সহকর্মীরা দেবে।\"





