জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার বিভাগীয় মামলায় পদাবনতি করা হয়েছে। তাকে পরিদর্শক থেকে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে। ইতোমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে করা হলে পরিদর্শক ( তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি মাসুদ জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি মঙ্গলবারে এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।

আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেছিলেন। দুই মাস আগে একই থানায় তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে  কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দেয়া হয়। পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

অন্যদিকে ২০১২ সালে জয়পুরহাটে জামাতের নেতাকর্মীদের পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষেতলাল থানার ওসি হাশমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।