চবি প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাংবাদিকবান্ধব ও দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


চট্টগ্রাম সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ নাগরিক সমাজের যৌথ উদ্যোগে রোববার (১৮ জানুয়ারি) সকালে নগরীর আজাদী গলি বৈঠকখানা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করা হয়।


স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-০৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশ ও রাষ্ট্রের সংকটকালে তিনি কখনো আপস করেননি। তার ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। সেই আদর্শ ধারণ করেই তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে চলছে।


সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অভিভাবকসুলভ একজন নেতা, যিনি দল-মতের ঊর্ধ্বে অবস্থান করতেন। তিনি বলেন, রাজনৈতিক উত্তরাধিকার আর জন্মসূত্রের উত্তরাধিকার এক নয় এবং কোনো রাজনৈতিক দল ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি হতে পারে না। সাংবাদিকদের প্রতি তার আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের জন্য ১৫ লাখ টাকা অনুদান দিলেও আজও তাকে যথাযথ সম্মাননা দেওয়া হয়নি, যা দুঃখজনক।


চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট ওসমান এহতেসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু ও আবদুল মালেক, দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়াকুব আলী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. জাহেদ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য ও সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া ও জাহাঙ্গীর আলম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সাবেক সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি আবু সুফিয়ান এবং স্মরণসভার সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকতকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে নিয়োগপত্র প্রদান করা হলে তারা সম্মতি জানান।