প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা যদি দুর্বল হয়, তাহলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্তা অনুযায়ী, এ কার্যক্রমের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ ৮,০০০ টাকা, যা পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবায়েত ৩,০০০ টাকা করে।





