২০২৬ সালের পবিত্র হজ উপলক্ষে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রমের প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর হজযাত্রীরা মোট ৮০টি কেন্দ্র থেকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে পারবেন।
রোববার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৬৪টি সিভিল সার্জন কার্যালয় থেকে হজযাত্রীদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ঢাকা মহানগরীর কয়েকটি সরকারি হাসপাতালেও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে। এসব হাসপাতালের মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।
ঢাকার বাইরেও বিভাগ ও জেলা পর্যায়ে টিকা গ্রহণের সুযোগ থাকছে। গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন।
টিকাদানের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে হজযাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিকা গ্রহণের সময় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd
) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা হেল্পলাইন নম্বর ১৬১৩৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





