সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের, এবং এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে। এ সময়ে দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।