দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। তবে, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন রয়েছেন।

এ সময়ের মধ্যে ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে মোট ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।