আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ। তবে, মাত্র ৯ মাসের মাথায় গতকাল রাতে ফারুকের পরিচালক পদ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে, বর্তমানে তিনি বিসিবি সভাপতির দায়িত্বে নেই। সূত্র মতে, ফারুক আহমেদ আজ ভোরে দেশ ত্যাগ করেছেন এবং তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে দুবাই বলা হচ্ছে।
\r\nএদিকে, নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে। এনএসসি তাদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে গতকাল রাতে একটি চিঠি প্রেরণ করেছে। এই চিঠি পাওয়ার পর, রাতেই বিসিবি পরিচালকদের একটি ‘রিকোজিশন’ বোর্ড মিটিং হয়, যেখানে আমিনুলের কাউন্সিলশিপ অনুমোদন করা হয়। এই বোর্ড পরিচালকদের মধ্যে যারা ফারুক আহমেদের নেতৃত্বে অসন্তুষ্ট ছিলেন, তারা এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন।
\r\nএকজন সিনিয়র বোর্ড পরিচালক জানান, \"এনএসসির চিঠি পাওয়ার পরই গতকাল রাতে আমরা একটি রিকোজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুল (আমিনুল) এর কাউন্সিলরশিপ অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিকেলে আমিনুল বিসিবির নতুন সভাপতি হচ্ছেন, এটি নিশ্চিত।\"
\r\nতিনি আরও বলেন, \"ফারুক আহমেদ পদচ্যুত হওয়ায় বর্তমানে বিসিবি সভাপতির পদ শূন্য রয়েছে এবং এই শূন্যপদ পূরণের জন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি নাজমুল আবেদীন। এই বৈঠকে আমিনুলকে পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দেওয়া হবে।\"
\r\nএদিকে, ফারুক আহমেদ পদ হারানোর পর আইসিসির কাছে নালিশ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে, বিসিবি সূত্র জানায়, \"ফারুক কী বলেছেন বা কী করবেন, তা নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই।\"
\r\nফারুক আহমেদের পদচ্যুতি এবং আমিনুল ইসলামের নতুন সভাপতি হিসেবে নিয়োগের পর বিসিবির শীর্ষ পদে একটি নতুন যুগের সূচনা হলো।





