রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনার তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০.৩০ থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটসহ আশেপাশের ঘাটগুলো পরিদর্শন করেন কমিটির প্রধান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
ছয় সদস্যবিশিষ্ট কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসন, নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটে গত বুধবার (২৫ মার্চ) বিকেলে, যখন সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে যায়। পরে উদ্ধার অভিযানে নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।





