বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক যোগ করেছেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে দেশের দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড এখন তার দখলে।


এশিয়া কাপে আজ হংকং চায়নার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন। কাতারের দোহায় ‘এ’ গ্রুপের ম্যাচে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৫৪ বল হাতে রেখে জয় তুলে নেয়।


ইনিংসের প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু হয় সোহানের আগ্রাসী ব্যাটিং। দ্বিতীয় ওভারেও তিন চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। পাওয়ারপ্লের প্রতিটি ওভারেই রান উঠেছে তুঘলকি গতিতে। প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৭।


গতকাল ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ৩২ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। সোহানও একপর্যায় মনে হচ্ছিল সেই রেকর্ডের দিকে ছুটছেন। ৩১ বলে তার রান ছিল ৯৬, তবে তিন অঙ্কে যেতে সময় লাগে আরও চার বল।


\r\n\r\n\r\n\r\n

তবুও ৩৫ বলে সেঞ্চুরি করে দেশের যেকোনো ফরম্যাটে সবচেয়ে দ্রুত তিন অঙ্কের ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন সোহান। এর আগে এ রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের, যিনি ২০২০ সালে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।