প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত ক্লাস শুরুর দাবিতে অনশন শুরু করেছেন।

\r\n

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়ে এই অনশন কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

\r\n

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাওলাদার বলেন, “৩০ অক্টোবরের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শেষ করে ওরিয়েন্টেশন আয়োজনের কথা ছিল। কিন্তু নতুনভাবে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ও ক্লাস শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ সেশনের ক্লাস ও পরীক্ষা ইতোমধ্যেই চলছে, আবার ২০২৫–২৬ সেশনের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। অথচ আমরা এখনও ভর্তি শেষ করতে পারিনি। এতে আমরা এক ধরনের অনিশ্চয়তায় আছি।”

\r\n

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যেই অন্তর্বর্তী প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আশানুরূপ কোনো আশ্বাস পাইনি। তাই ক্লাস শুরু না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”

\r\n

একই সেশনের শিক্ষার্থী নাজমুল হোসেন জানান, “আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে তিন মাস আগে। সাবজেক্ট চয়েজ ও অনলাইন পেমেন্ট শেষ করেও এখনও ক্লাস শুরু হয়নি। এতে আমরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি এবং মানসিক চাপের মধ্যে পড়েছি। আমরা চাই, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হোক।”

\r\n

তিনি আরও যোগ করেন, “২০২৫–২৬ সেশনের ভর্তি পরীক্ষা ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা আগের সেশনের শিক্ষার্থীরা এখনো ক্লাসে ফিরতে পারিনি। এতে আমরা এক ধরনের পরিচয় সংকটে পড়েছি।”

\r\n

উপদেষ্টা অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আগামীকাল থেকেই ক্লাস ও ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আজ বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা অনুপস্থিত থাকায় তা হয়নি। তিনি ফিরলে আমরা বিষয়টি পুনরায় উপস্থাপন করব।”

\r\n

শিক্ষার্থীদের অনশন কর্মসূচির কারণে ঢাকা কলেজ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ক্লাস শুরুর দাবিতে তাদের অবস্থান ও অনশন অব্যাহত রাখবেন ।