বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ঘোষণা করেছেন, ধানের শীষের বিজয় হলে ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, তিনি নিজেই এলাকার সন্তান, শৈশব ও কৈশোর এখানেই কেটেছে। ইনশাল্লাহ, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় এবং বিএনপি সরকার গঠিত হলে ঢাকায় খেলাধুলার সুযোগ বাড়াতে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এতে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারবে এবং বয়সে বড়রা ও নারী ও মুরুব্বিরা হাঁটাচলা করতে পারবেন।
পথসভায় তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কের প্রসার প্রয়োজন। বিএনপি সরকার গঠিত হলে ওই সড়কের প্রশস্তকরণের কাজ করা হবে।
শেষে তারেক রহমান এলাকার মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করবেন। তিনি আশ্বাস দেন, সুযোগ পেলে শুধু ঢাকা নয়, সমগ্র দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।





