আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।
সভায় এম এ আউয়াল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ না থাকায় ইসলামী গণতান্ত্রিক পার্টি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, নির্বাচনকালীন অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহেও বাধার সম্মুখীন হয়েছেন। এ কারণেই দলটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়।
তবে দলটি নেতাকর্মী ও সমর্থকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যেই প্রেসিডিয়াম সভা আহ্বান করা হয়েছে। সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই ভোটাররা যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের একটি অভিজ্ঞ রাজনৈতিক শক্তিকে দেখতে পান।
এম এ আউয়াল বলেন, দেশের অর্থনীতিতে অবদান, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অঙ্গীকার বিবেচনায় ইসলামী গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মনোনীত প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. নুরুল ইসলামসহ প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমদ, মো. হাবিবুর রহমান, ফেরদৌসী উম্মে আম্বিয়া, জগদীশ সরকার, শীলা হালদার, শারমীন আফাজ, শাহিদা বেগম, নাজমা আক্তার, নাসরীন আক্তার রীনা, মাওলানা আনিসুর রহমান শেখ, মাওলানা হুমায়ুন কবির এবং মাওলানা আহসান উল্লাহ সালামী।





