পটুয়াখালীর বাউফলে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ার একমাত্র পথ হলো ইসলাম।” রোববার (৬ জুলাই) সকাল ১০টায় বাউফলের মদনপুরা ইউনিয়নে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি বলেন, “আমরা ৫৩ বছর ধরে মানুষের তৈরি মতবাদে দেশ চালাতে দেখেছি, কিন্তু পরিবর্তন আসেনি। তাই এবার ইসলামকে সংসদে পাঠাতে দিন। জামায়াতে ইসলামী কাউকে এমপি বানানোর জন্য রাজনীতি করে না, আমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলামি রাষ্ট্র গঠনের লড়াই অব্যাহত থাকবে। মদনপুরা আমার নিজ এলাকা, কিন্তু রাজনৈতিক নানা কারণে এখানে পর্যাপ্ত সময় দিতে পারিনি। আমি আপনাদের সন্তান—আপনারাই আমার শক্তি। গোটা বাউফলই আমার রাজনীতি, এখানে কোনো পরিবারতন্ত্রের জায়গা নেই।”

ড. মাসুদ আরও বলেন, “বাউফল থেকে একজন সেবক, একজন খাদেমকে সংসদে পাঠাতে হবে। যিনি সততা, নৈতিকতা ও দক্ষতা নিয়ে মানুষের পাশে থাকবেন। আর সেটা যেন বাউফলের সাড়ে ৪ লাখ মানুষের প্রতিনিধি হন, শুধু রাজনৈতিক পরিবারের কেউ নয়।”

তিনি অভিযোগ করে বলেন, “১৯ জুন রাতে সিভিল সার্জনের অফিস খোলা ছিল, সেখানে কিছু পরীক্ষার্থীর কেন্দ্রে পরিবর্তন এবং অনিয়ম হয়েছে। এ বিষয়ে তদন্ত ও দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন।