সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। দিন শেষে সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভারও কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।





