বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন এনেছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে দায়িত্ব পালন করা গভর্নর আহসান এইচ মনসুর এর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকারের বিভিন্ন অগ্রাধিকার ও কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১৩ আগস্টের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান-কে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাকে দায়িত্ব পালনের সময় অন্য সব প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।





