আগামী নভেম্বরের মধ্যেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে এসব দলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
গণভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে নভেম্বর মাসেই গণভোট আয়োজন করতে হবে। তারা দাবি করেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং আসন্ন সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায়, আগের নির্বাচন কমিশনের মতো বর্তমান কমিশনও জনগণের রোষানলে পড়বে।
এরপর দুপুর ১২টার দিকে আট দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি করা এবং আগামী নভেম্বর মাসের মধ্যে ওই আদেশের ওপর গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা।
৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং তা জনগণের সামনে দৃশ্যমান করা।
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।





