এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালের পথ প্রশস্ত করেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে ভারতও সমান ১৯৪ রানে থেমে যায়, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ওয়াইড বলের সুবাদে জয় নিশ্চিত করে লাল–সবুজের তরুণরা।


টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ১৯৪ রান তোলে। জিসান আলম করেন ২৬ রান এবং হাবিবুর রহমান সোহান করেন ৬৫ রান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে বড় সংগ্রহ পায় দলটি।


জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই চাপে পড়ে। দলীয় ৬৬ রানে তারা হারায় দুই উইকেট। বৈভব ৩৮ এবং প্রিয়াংশ ৪৪ রানে আউট হন। আবু হায়দার জিতেশ শর্মাকে (৩৩) আউট করে ভারতের চাপ বাড়িয়ে দেন। নির্ধারিত ওভার শেষে ভারত ৬ উইকেটে ১৯৪ রানে থেমে যায়।


সুপার ওভারে রিপন মণ্ডলের প্রথম দুই বলেই আউট হন ভারতের দুই ব্যাটার। বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান। তবে স্ট্রাইকে নেমে প্রথম বলেই ইয়াসির আলী ক্যাচ তুলে দিলে উত্তেজনা বাড়ে। পরের বলটি ওয়াইড হলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।