জাফর আলী, নাটোর প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া চৌধুরীকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ এক ডজন মামলার আসামী এহিয়া চৌধুরী। বিগত ৫ আগষ্টের আগে ছাত্রজনতার আন্দোলন দমনে নাটোরের এহিয়া চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা নাটোরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, এহিয়া চৌধুরী নাটোরে চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রবাজ। তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করতো। বিএনপির বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এহিয়া চৌধুরীর ছোঁড়া গুলিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত, আহত এবং পঙ্গুত্ববরণ করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।