চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালে মসজিদের ভেতর থেকে এক ছাত্রশিবির নেতাকে টেনে বের করে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মাঝির মসজিদে এ ঘটনা ঘটে। আহত জিহাদ (২০) বাউরিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি বলে জানা গেছে।
\r\nপ্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের তারাবির নামাজের সময় জিহাদ মসজিদে ইবাদতে মগ্ন ছিলেন। এ সময় জাসিব, নিরব ও নাঈমসহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তারা তাকে জোর করে টেনে বাইরে নিয়ে যান এবং মসজিদের আঙিনায় রাজনৈতিক স্লোগান দিতে দিতে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীদের হাতে অস্ত্র থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।
\r\nজিহাদের সহকর্মীদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
\r\nহাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ রয়েছে।
\r\nরমজান মাসে মসজিদের ভেতরে এ ধরনের ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
\r\nএ বিষয়ে সন্দ্বীপ থানা-র ওসি জায়েদ নূর বলেন, পুলিশ ঘটনাটি জানার পর থেকেই সক্রিয় রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





