নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীদের ওপর সহিংসতা ও হামলার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বিকেল ৩টায় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হবে, জানানো হয়েছে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নারীরা বর্বর হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন। সংগঠনটি অভিযোগ করেছে, এই হামলার মাধ্যমে নারীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।
স্মারকলিপিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হবে এসব হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচারণার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য কার্যকর ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের।





