বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সোমবার (৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভার পর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বিসিবি পরিচালকদের সভায় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছর থেকেই কার্যকর হবে।


এর আগে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন পেতেন, যা এখন ১ লাখ ৬০ হাজার টাকা হবে। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকায় বৃদ্ধি পাবে।


‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন ৭০ হাজার থেকে ৯৫ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা ভাতা পাবেন।


নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার। চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পেলে মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে।


এছাড়া তাদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে বৃদ্ধি করা হয়েছে।