বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। তাকে এই দায়িত্বে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১ অক্টোবর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছেন সালমা নিজেই, একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।
সালমা খাতুনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১১ সালের ২৬ নভেম্বর, আয়ারল্যান্ডের বিপক্ষে নারীদের ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। ওই ম্যাচেই তিনি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন। এরপর দীর্ঘ সময় তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে খেলেছেন এবং দায়িত্ব পালন করেছেন অধিনায়ক হিসেবে।
ক্যারিয়ারে তিনি ৪৬টি ওয়ানডে ও ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে মোট ১,১২৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩৬টি উইকেট। সবশেষ তিনি মাঠে নামেন ২০২৩ সালের ৯ জুলাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে।
অধিনায়ক হিসেবেও সালমার অর্জন উল্লেখযোগ্য। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। আর ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৩৭টি জয় এনে দিয়েছেন।
সালমা খাতুনের অধিনায়কত্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল অর্জন করে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য—২০১৮ সালের এশিয়া কাপ জয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলে নারী দল। পুরুষ দল যেখানে এখনও এশিয়া কাপ জিততে পারেনি, সেখানে সালমার নেতৃত্বেই সেই ইতিহাস গড়ে নারী দল।
\r\n\r\n\r\n\r\n\r\n
৩৫ বছর বয়সী এই সাবেক তারকা খেলোয়াড়ের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ক্রিকেট সংশ্লিষ্ট মহল।





