জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের ‘আপত্তিকর’ পোস্টের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো নারী নেতৃত্বে ঝাড়ু মিছিল করেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।
রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে দেওয়া পোস্টে সর্বমিত্র বলেন, “ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।”
তিনি আরও বলেন, “গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয়, হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন শুধু নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এই বৈষম্য। নারীকে দাসে রূপান্তরিত করার মানসিকতা থেকে বের হতে হবে। বামপন্থীদের থেকে এটলিস্ট আমি আশা করিনি।”
সর্বমিত্র তার পোস্টে উল্লেখ করেছেন, “আমি সমাজবিজ্ঞানের ছাত্র, সমাজ পর্যবেক্ষণ করে আমার কথা বলি। অনুরোধ করছি, আমার মন্তব্যকে রাজনৈতিক প্রসঙ্গে না নেওয়া হোক।”





