নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন স্ববিরোধী ও কুরআন-হাদিসের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, \"এই কমিশন একদিকে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলছে, আবার অন্যদিকে নারীদের জন্য আলাদা কোটা প্রস্তাব করছে। যদি অধিকার সমান হয়, তবে কোটা কেন দরকার?\"
\r\nবুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
\r\nজামায়াত আমির আরও বলেন, \"নারীরা আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক। কিন্তু এই কমিশনের উদ্দেশ্য হলো ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করা। তাদের প্রস্তাব কুরআন ও হাদিসের পরিপন্থী হওয়ায় আমরা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। শুধু রিপোর্ট নয়, এই কমিশনের সদস্যদেরও প্রত্যাখ্যান করতে হবে।\"
\r\nতিনি অভিযোগ করেন, “এই সংস্কারের নামে আমাদের ধর্মীয় শিক্ষা ও সমাজব্যবস্থাকে আঘাত করা হচ্ছে। আগে শিশুরা সকালে মক্তবে যেত, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মায়েরা নিজ হাতে শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছেন। এই পরিবর্তনের পেছনে পরিকল্পিতভাবে কিছু শক্তি কাজ করছে যারা নারীদের বিভ্রান্ত করছে।”
\r\nডা. শফিকুর রহমান বলেন, “যদি কোনো কমিশন গঠন করতেই হয়, তাহলে তাতে দেশের প্রকৃত নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে। বর্তমান কমিশনকে আমরা স্বীকৃতি দিই না। আমরা কোনো সংঘাতে যেতে চাই না, তবে আমাদের বাধ্য করা হলে আমরা আন্দোলনে নামব এবং দলীয়ভাবে পূর্ণ সমর্থন জানাব।”
\r\nসম্মেলনে তিনি ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের বার্তাও দেন। বলেন, “দ্বীন ও সমাজের কল্যাণে ইসলামি দলগুলো একসঙ্গে কাজ করবে। আমাদের বিভক্ত করে, টুকরো টুকরো করে কেউ আর আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে পারবে না।”






