কথিত “ঢাকা লকডাউন” কর্মসূচির নামে আওয়ামী লীগের নাশকতা, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার সকালের দিকে শক্ত অবস্থান নিয়ে শোডাউন করেছে।

সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে ইসলামী ছাত্রশিবির বিশাল মিছিল বের করে। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে শিবিরের অবস্থান কর্মসূচি পালন করা হবে। এসব স্থান হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।

শিবিরের নেতারা দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানা গেছে। এর আগে বুধবার রাতেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি চালানো হয়।