নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান |

সরকার গঠনের আগেই ভোটের মাঠের প্রতিপক্ষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন বিএনপি চেয়ারম্যান। আলোচনায় কী বিষয়ে কথা হয়েছে তা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের মগবাজারের বাসায় রাত ৮টা ২৫ মিনিটে পৌঁছান তারেক রহমান। এসময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ। তার সাথে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সাক্ষাতের ব্যাপারে আখতার সাংবাদিকদের বলেন, 'নির্বাচনের ফলাফল নিয়ে যেগুলো প্রশ্ন ছিল ও সহিংসতা হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে তিনি এসেছেন এ জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। সামনে যাতে একসাথে কাজ করতে পারি সেই ব্যাপারে ও সংস্কার ও বিচারের ব্যাপারে কথা হয়েছে। এমন শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস দেয়'।

এর আগে সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওনা হন।

এদিকে, গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামীদিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান তিনি।