নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা ও সদস্যসচিব আখতার হোসেনকে ডিম হামলা ও গালাগালির শিকার হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পড়েন তারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তাসনিম জারা লিখেছেন, “ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।”

তিনি আরও বলেন, “ওনারা অপমানের রাজনীতি চালাক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব।” তার পোস্টে উল্লেখ রয়েছে, মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা—যেমন:

সরকারি অফিসে ঘুষ ছাড়া নাগরিক সম্মান পাবেন।

হাসপাতালে ভিআইপি না হলেও সেবা পাবেন।

রাজনীতিবিদরা মানুষের পাশে সেবক হিসেবে থাকবেন।

নারীরা রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।

ছাত্ররা মিছিলে গিয়ে নিরাপদ থাকবেন।

নাগরিকরা মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন ভয় ছাড়া।

ডা. তাসনিম জারা লিখেছেন, “মর্যাদার রাজনীতি মানে বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।”