নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ওই পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন—শহরের ওয়্যারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ভোট চলাকালে এবং ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্ত করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক পাঁচজনকে থানায় রাখা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।