কাঁচা খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা জানান, পরীক্ষার ফলাফলে ওই নারীর শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ৪০ থেকে ৫০ বছর বয়সী ওই নারীর শরীরে গত ২১ জানুয়ারি তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একই দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ার পরদিন, ২৮ জানুয়ারি তিনি মারা যান।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আইইডিসিআর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো লিখিতভাবে অবহিত করা হয়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো যাবে। তিনি জানান, ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের রস সংগ্রহের হাঁড়িতে লালা বা মলমূত্রের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিতে পারে। সেই কাঁচা রস পান করলে মানুষের নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।