দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চেয়ে এবং বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।
\r\nরোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধনের শেষ দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলের মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মূখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
\r\nবিকেল ৪টার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে নির্বাচন ভবনে আসে এনসিপির প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত ডেস্কে আবেদনপত্র জমা দেওয়া হয়।
\r\nআবেদনপত্র জমা শেষে সংবাদ ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিয়েছি। দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছি এবং আশা করছি এটি বরাদ্দ পাব।”
\r\nমূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, ‘শাপলা’ ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক চাওয়া হয়েছে, তবে শাপলাই তাদের প্রধান পছন্দ এবং এ প্রতীকেই ভবিষ্যৎ নির্বাচনে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
\r\nতিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে জয়লাভ করে এনসিপি সরকার গঠন করবে।”
\r\nএক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি—বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এটা সময়ের দাবি, এবং এই কমিশনের পুনর্গঠন হবেই। আমরা কোনো বি-অপশন বিবেচনা করছি না।”
\r\nনিবন্ধন পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী এনসিপি নেতারা জানান, রাজনৈতিক সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণে তারা প্রস্তুত এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করতে চান।





