ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে ছুটির দিনেও প্রধানমন্ত্রী অফিস করছেন বলে জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রনি বলেন, জনগণের ভোটেই সরকার গঠিত হয়েছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। তিনি দাবি করেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদ উপহার নিতে আসা মানুষদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগামী মাসের ১৪ তারিখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। ইতোমধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
গাজীপুরকে গার্মেন্টস শিল্পসমৃদ্ধ এলাকা উল্লেখ করে রনি বলেন, শ্রমিকরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





