জামায়াতে ইসলামী শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা আলিয়া মাদরাসা মাঠে হওয়া সমাবেশ স্থগিত করেছে। নির্বাচনি আচরণ বিধি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশের সকল আয়োজন শেষ হলেও দলটির আমিরের নির্দেশে তা বাতিল করা হয়।
পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে উপস্থিত ছিলেন। সমাবেশ স্থগিত হওয়ার খবর জানার পর তারা বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে দলের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।
এছাড়া জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি আচরণবিধি মেনে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, “গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত নির্বাচনের সুষ্ঠু ও সফল পরিবেশ নিশ্চিত করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। তফসিল অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরানোর জন্য দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।”
\r\n\r\n\r\n\r\n
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





