নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সোমবার এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা এক চিঠিতে দেশের সব ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সংস্থাকে এ বিষয়ে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সবার কাছে ঐক্যের প্রতীক। তাই তাদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনী প্রচারণায় যুক্ত করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার পরিপন্থী।

নির্দেশনায় আরও জানা যায়:

জাতীয় দলের কোনো খেলোয়াড় কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণায় অংশ নিতে পারবেন না।

নির্বাচনী সভা, মঞ্চ বা প্রচারণামূলক কার্যক্রমেও অংশ নেওয়া যাবে না।

এনএসসি বলেছে, এই নির্দেশনা অমান্য করা হলে দেশের ক্রীড়া পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনাকাঙ্ক্ষিত। তাই সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অংশ নিয়েছিলেন, এবং তাদের প্রচারণায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও যুক্ত হয়েছিলেন।