আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদ থেকে তারা ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন।
রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। যদিও প্রজ্ঞাপনগুলো রোববার জারি করা হয়, বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। একই সঙ্গে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন ৪৭ জন।
এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ছয়জন কর্মকর্তা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ পদোন্নতির সিদ্ধান্ত এসেছে।





