জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনি প্রক্রিয়া মেনে যথাযথভাবে নিবন্ধনের আবেদন করার পরও নির্বাচন কমিশন ‘শাপলা’ প্রতীক না দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট আইনগত কারণ দেখাতে পারছে না।


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।


তিনি বলেন,

“নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হলেও তারা এখন বিভিন্ন মহলের চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে, যা আগাম নির্বাচনকে বিতর্কিত করে তুলছে।”


সারজিস আলম আরও বলেন,

“নিবন্ধনের আবেদন করার আগে আমরা আইন-কানুন ভালোভাবে পর্যালোচনা করেছি। শুরুতে বলা হয়েছিল, শাপলা যেহেতু জাতীয় প্রতীকের অংশ, তাই সেটি বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু আইন অনুযায়ী, শাপলা এককভাবে জাতীয় প্রতীক নয়—এটি জাতীয় প্রতীকের একটি উপাদান মাত্র। তাছাড়া, জাতীয় ফুল, ফল বা অন্যান্য জাতীয় উপাদানের প্রতীক অনেক রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে শুধু শাপলা প্রতীক নিয়ে আপত্তি কেন?”


তিনি নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন।