জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ-৫ আসনের মনোনীত প্রার্থী মনিরা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

পোস্টে মনিরা শারমিন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা থেকে গঠিত এনসিপি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির একটি ভরসাস্থল ছিল। তিনি জানান, মনোনয়ন পাওয়ার সময় তিনি জানতেন না যে দলটি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তার ভাষায়, এনসিপির ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল বলে তিনি ধারণা করেছিলেন।

তিনি বলেন, দলের অবস্থান পরিবর্তিত হওয়ায় তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছেন। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের প্রতি তার আনুগত্য অটুট রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এ মুহূর্তে দলের চেয়ে গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই তার কাছে বড় বলে জানান।

নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দেন মনিরা শারমিন। তিনি বলেন, যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখে অনুদান দিয়েছেন, তাদের কেউ টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেবেন। দ্রুততম সময়ের মধ্যে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।

পোস্টে তিনি আরও বলেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি এবং আসন ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, দল ছাড়ার বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চান না।