আসন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণ অধিকার পরিষদ। আগামীকাল শুক্রবার (২৭ জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের সাংগঠনিক কৌশল নির্ধারণে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে—দল এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থী নির্বাচনের কাজও চলমান রয়েছে।

সভায় দলীয় কৌশল, জোট গঠন, প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।