আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে যারা হেরে যাবে, তাদেরও নিয়ে একটি ঐক্যের সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
শফিকুর রহমান বলেন, “আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভোটে পরাজিত হলেও আমরা তাদের নিয়ে ঐক্যের সরকার গঠন করব। তবে তাদের অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে- ব্যাংক ডাকাতি, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং মানুষের পকেটে হাত দেওয়া বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। ভালো শিক্ষা ছাড়া ভালো জাতি গড়া সম্ভব নয়। দেশের মানুষ পরিবর্তন চায়, এবং ১৩ ফেব্রুয়ারি সেই পরিবর্তন যুবসমাজের আকাঙ্ক্ষার ভিত্তিতে আসবে। আমরা আর কোনো ফ্যাসিবাদ বা আধিপত্য চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।”
জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে ১১ দল দেশের পরিচালনায় এগিয়ে আসবে এবং চৌদ্দগ্রামের জনগণ মন্ত্রিপরিষদের সিনিয়র একজন সদস্য নির্বাচন করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এরপর জামায়াতের আমির কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার ও দাউদকান্দি এলাকায় নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করেন।





