ভোলার চরফ্যাশন উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ছয়দিন ধরে অনশন করছেন এক কিশোরী। তার অভিযোগ, প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ালেও এখন তাকে এড়িয়ে চলছেন এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। অনশনরত কিশোরী নিজেকে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, আন্দোলনের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অনশনরত কিশোরী বলেন, \"সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছে। তার পরিবারের সদস্যরা আমাকে গালাগাল, হুমকি, এমনকি মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফলে বাধ্য হয়েই অনশনে বসেছি।\" তিনি জানান, গত ২২ জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি সোমবার (২৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, \"ওই কিশোরী যদি লিখিত অভিযোগ দেয়, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।\"
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তন্ময়ের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে, তাদের ছেলেকে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তন্ময়ের বাবা বলেন, \"শুধু প্রেম থাকলে হয়তো মেনে নিতাম। কিন্তু মেয়েটির অতীত ও বিভিন্ন ছেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবির কারণে আমরা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছি না।\"
\r\n\r\n\r\n\r\n\r\n
তন্ময়ের অবস্থান নিয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।






