নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির শীর্ষ পদে থাকা তিন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ তাদের ফুল দিয়ে বরণ করেন।

যোগদানকারী নেতারা হলেন—এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দল পরিবর্তনের এ ঘটনায় জেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ জানান, সকালে এনসিপির তিন নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে।

যোগদানকারী নেতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, এনসিপির জেলা নেতৃত্বের মধ্যে অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এসব কারণেই তিনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এদিকে, বিষয়টি সম্পর্কে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, তিনি এখনো এ বিষয়ে অবগত নন।