আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর— ফিফা বিশ্বকাপ ২০২৬। তবে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জুনিয়রের জায়গা হবে কিনা—তা নিয়ে জোর আলোচনা চলছে। ইনজুরি ও দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অনিশ্চয়তায় ঘেরা নেইমারের অংশগ্রহণ। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নেইমার।
\r\nএকটি সাক্ষাৎকারে রোনালদো বলেন,
\r\n\r\n\r\n“ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারে যদি নেইমার দলে থাকে। আমি বিশ্বাস করি, সে বিশ্বকাপ দলে থাকবে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নেইমারকে আমরা সবাই শতভাগ ফিট অবস্থায় দেখতে চাই, আনচেলত্তি এবং নেইমার নিজেও সেটা চান। আমি তার মাঝে বিশ্বকাপে খেলার তীব্র ইচ্ছা দেখেছি।”
\r\n
নেইমার গত জানুয়ারিতে ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও এখনো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। নতুন করে চোটে পড়ায় সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচেও তাকে স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের আগে আর কোনো বাছাই পর্ব নেই—তাই বাকি সময়টুকুতে কয়েকটি প্রীতি ম্যাচই হতে পারে ব্রাজিলের মূল প্রস্তুতি।
\r\nরোনালদো বলেন,
\r\n\r\n\r\n“নেইমার জানে, বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে। ইনজুরি থেকে ফিরে কঠিন সময় পার করছে সে। খেলার ছন্দে ফিরতে সময় লাগবে, এবং বারবার মানিয়ে নিতে হবে। তবে আমি নিশ্চিত, সে ফিরে আসবে। আনচেলত্তি ও ব্রাজিল দলও তাকে ফিরে পেতে চায় এবং তারা সর্বোচ্চ চেষ্টাই করবে।”
\r\n
এর আগে, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বলেছিলেন,
\r\n\r\n\r\n“নেইমারের প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। যদি সে ফিট থাকে, তাহলে জাতীয় দলে তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সবাই চায়, সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক।”
\r\n
সব মিলিয়ে, নেইমারকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও ভক্তদের আশা—চোট কাটিয়ে সেরা ছন্দে ফিরবেন তিনি। আর রোনালদোর মতে, যদি ফিট থাকেন, তাহলে বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে, এবং তিনি হবেন দলের অন্যতম মূল ভরসা।





