ইনজুরি কাটিয়ে ফিরলেও নেইমারের বিশ্বকাপ দলে খেলার জায়গা নিশ্চিত নয়। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার বাঁ হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে মাঠের বাইরে ছিলেন।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল নেইমারের। তবে শেষ মুহূর্তে চোটের কারণে তাকে দলে রাখা হয়নি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সুযোগ রয়েছে, কিন্তু একটি শর্ত পূরণ করতে হবে।
আনচেলত্তি বলেন, “নেইমারকে বিশ্বকাপ শুরুর আগে প্রমাণ করতে হবে যে, তিনি পুরোপুরি ফিট আছেন। যদি সে সেরা শারীরিক অবস্থায় থাকে, তবে জাতীয় দলে কোনো সমস্যা হবে না।”
ফিট থাকলে নেইমার আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলবেন। কোচ আরও বলেন, “আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা অপরিহার্য। নেইমার আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবে।”
ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থাকলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।





