ব্রাজিলিয়ান ফুটবলের তারকা নেইমারের ফ্লুমিনেন্সে যোগদানের গুঞ্জন শেষপর্যন্ত উড়িয়ে দিয়েছেন ক্লাব সভাপতি মারিও বিটেনকুর্ট। সম্প্রতি ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেইমারের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে আলোচনা ও সমালোচনা চললেও, ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, নেইমার বা তার প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
ফ্লুমিনেন্সের ফিজিওপ্রধান নিলটন পেত্রোনে এক পডকাস্টে নেইমারকে ‘ব্রাজিলিয়ান ফুটবলের শেষ প্রতিভা’ আখ্যায়িত করলে গুঞ্জন আরও জোরালো হয়। এছাড়া ডিফেন্ডার থিয়াগো সিলভার নেইমারকে দলে আনার বিষয়টি ক্লাবকে উৎসাহিত করছে, এমন খবরও ছড়িয়ে পড়ে।
এর আগে বিশ্বকাপ উপলক্ষে স্বল্প সময়ের জন্য নেইমারকে ফ্লুমিনেন্সে আনার পরিকল্পনা ছিল। নিজেও স্বীকার করেছিলেন যে চুক্তিটি ‘প্রায় সম্পন্ন’ হওয়ার পথে ছিল। তবে শেষ পর্যন্ত তিনি সান্তোসেই থাকার সিদ্ধান্ত নেন।
ফ্লুমিনেন্সের সভাপতি বিটেনকুর্ট বলেন, “নেইমারকে নিয়ে সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি। সান্তোসের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ক্লাব ও খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান লিগের বাকি ম্যাচগুলোতে সফলতার লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগী।”
নেইমারের সান্তোসে ফেরা মূলত বিশ্বকাপ দলে ফেরার লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই হয়েছিল। তবে নতুন চোট ও ছন্দহীন পারফরম্যান্সে সেই লক্ষ্য কঠিন হয়ে উঠেছে। এই মৌসুমে ২৫ ম্যাচে নেইমারের গোল মাত্র ৬, অ্যাসিস্ট ৩। আগস্টের পর তিনি কোনো গোল পাননি।
সান্তোসও লিগে অবনমন অঞ্চলে অবস্থান করায় কঠিন সময় পার করছে। নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত, সঙ্গে রয়েছে আরও ছয় মাস বাড়ানোর অপশন। তবে সান্তোস অবনমন এড়িয়ে যেতে ব্যর্থ হলে চুক্তি বাড়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।





