মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রখ্যাত সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
\r\nস্যান্ডার্স বলেন, “নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তাঁর কাজ মার্কিন পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশল নির্ধারণ করা নয়।” তিনি আরও লেখেন, “যদি ইসরায়েলের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়, সেটা তাদের বিষয়। তবে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।”
\r\nস্যান্ডার্সের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরানের প্রতি ধৈর্য্য শেষ। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতেও পারে, আবার নাও পারে।”
\r\nএদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমতও জোরালো হয়ে উঠছে। ইরানে সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ। এর আগেও হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী কর্মসূচিতে অংশ নেন অনেক মার্কিনি।
\r\nবিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পেছনে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে মার্কিন রাজনীতিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বার্নি স্যান্ডার্সের মতো শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের সরব হওয়া সেই উদ্বেগেরই প্রতিফলন।





