নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, তালিকায় প্রার্থীরা পরিবর্তন হতে পারে।

মনোনয়নপ্রাপ্তির পর ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের আনন্দ ও গৌরবের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু আমার নয়, এটি কেন্দুয়া-আটপাড়ার প্রতিটি মানুষের।”

তিনি দলের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। এখন সময় সংযম, শৃঙ্খলা এবং ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকা জরুরি।”

ড. হিলালী আরও বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য এবং বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ উদযাপন করব।”

ড. রফিকুল ইসলাম হিলালী পূর্বেও ২০০৬, ২০০৮ এবং ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের কাছে তিনি ‘দুর্দিনের হিলালী ভাই’ নামে পরিচিত। গত ১৬ বছরে ৫৬টি মামলায় আসামি হয়ে জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়দের কাছে তিনি বিএনপির আপসহীন যোদ্ধা হিসেবে পরিচিত।

মনোনয়নের ঘোষণা হওয়ার পর থেকেই নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।